চার কোটির সেতুতে নেই সংযোগ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
চার কোটির সেতুতে নেই সংযোগ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

বি. এম. হানিফ, কালকিনি-ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও চরদৌলতখান ইউনিয়নের সংযোগস্থলে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুতে ছয় বছরেও সংযোগ সড়ক হয়নি। ফলে দুই ইউনিয়নের হাজারো বাসিন্দাকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করছেন স্থানীয় মানুষ, শিক্ষার্থী ও কৃষকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ সহজ করতে এবং কৃষি পণ্য পরিবহনের সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সরদার এন্টারপ্রাইজ’। মূল সেতুর কাজ শেষ হলেও দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন কার্যত অকেজো অবস্থায় পড়ে আছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংযোগ সড়ক না থাকায় সেতুতে ওঠানামা করা যাচ্ছে না। জরুরি রোগী পরিবহন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এবং উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে প্রতিদিন বিপাকে পড়ছেন তাঁরা। দীর্ঘ ছয় বছর ধরে এ অচলাবস্থা চললেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ কমানো হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

এআইএল/সকালবেলা