হোসেনপুরে ডিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ১৮

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
হোসেনপুরে ডিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ১৮

রেজাউল হক, নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও হোসেনপুর থানা পুলিশের যৌথ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যৌথ অভিযানের বিষয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক। এ সময় হোসেনপুর থানার ওসি (তদন্ত) শেখ তাজউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাঁদের অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে, যাদের বিরুদ্ধে সরাসরি অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, তাঁদের প্রথমবারের মতো সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে যাতে তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে লক্ষ্যে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধীদের বিচারের আওতায় আনা নয়; অপরাধ প্রতিরোধ করা এবং কেউ অপরাধে জড়িয়ে পড়ার আগেই তাকে সঠিক পথে ফিরিয়ে আনাও পুলিশের কাজ। এ জন্য প্রতিরোধের উদ্যোগ পরিবার থেকেই শুরু করতে হবে। পরিবার, সমাজ ও অভিভাবকদের সম্মিলিতভাবে অপরাধপ্রবণতা রোধে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশ কোনো ছাড় দেবে না। পুলিশ সুপারের নির্দেশনায় সন্দেহভাজন পুলিশ সদস্যদেরও ডোপ টেস্ট করা হচ্ছে। মাদকসহ যেকোনো অপরাধের তথ্যদাতাদের সাক্ষী সুরক্ষা আইনের আওতায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এলাকাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে সমাজের সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হোসেনপুর উপজেলাকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে মুক্ত রাখতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ উদ্যোগ সফল করতে অভিভাবক ও সচেতন মহলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় পুলিশের পক্ষ থেকে কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, কিশোরদের সংশোধন ও সুপথে ফিরিয়ে আনতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও পুলিশের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এআইএল/সকালবেলা