বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা
আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম শিক্ষকদের উদ্দেশে বলেন, আধুনিক শিক্ষা পদ্ধতিতে পাঠদান করতে হলে একজন শিক্ষককে অবশ্যই নতুন সিলেবাসের বই ভালোভাবে পড়তে হবে। শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দিতে শিক্ষকদের নিজেদেরও নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, এমন বিদ্যালয়ও রয়েছে, যেখানে পাঁচজন শিক্ষকের মধ্যে চারজনই নারী; তাঁদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সুসম্পর্কের অভাব রয়েছে। শিক্ষকদের মধ্যে এ ধরনের দূরত্ব থাকলে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। তাই শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্যসচিব বনি আমিন, বিএনপির জেলা সদস্য গোলাম আজম, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, নবাগত সহকারী কমিশনার নুঝাত তাবাসসুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইসমামিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।