নাশকতায় অর্থায়নের অভিযোগে বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আ.লীগ নেতা মোস্তাফিজুর গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
নাশকতায় অর্থায়নের অভিযোগে বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আ.লীগ নেতা মোস্তাফিজুর গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত কে এস এম মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: চলমান নাশকতায় ‘অর্থায়নের’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ভোরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে থেকে ডিবি রমনা বিভাগের একটি দল তাঁকে আটক করে।

এ বিষয়ে ডিবি রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে; মামলাগুলো যাচাই-বাছাই চলছে।

ডিবি সংশ্লিষ্ট সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা এবং ‘ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

ডিবির তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময়কার তিনটি মামলা রয়েছে। পাশাপাশি ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পাশাপাশি বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধভাবে পাঠানো অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে।