ফরিদপুরে দোকানে আগুন ও সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ
ফরিদপুরে দোকানে আগুন ও সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৫
পুড়ে যাওয়া দোকান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি বাজারে দোকানে আগুন লাগার পর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বাবুল মোল্লা (৩৫)। তিনি নসিমন চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং দুর্ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে আগুন নেভানোর কাজ করছিলেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভেন্নাতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাজারের অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

নিহত বাবুল মোল্লা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ভেন্নাতলা গ্রামের বাসিন্দা আল-আমিন (২৭), আকিদুল ইসলাম (৩০), জাহাঙ্গীর হোসেন (৩৫), হোসাইন বিশ্বাস (১২) ও লাবু মোল্লা (৩৫)। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক ৪টার দিকে বাজারের নূর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে বাবুল মোল্লাসহ স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় একটি দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে বাবুল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বোয়ালমারী ও আলফাডাঙ্গার দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার যৌথ চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে পরে নিশ্চিত করা হবে।

আগুনে নূর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকান, সাহেব আলীর চায়ের দোকান, হাবিব মোল্লার সার ও কীটনাশকের দোকান, বাবর আলীর সাইকেল মেরামতের দোকান এবং জাকির হোসেনের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত সেখানে যায় এবং ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন