শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. আবদুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আবদুর রহিম জেলার স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচিত।

আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, শিশু সহিংসতা মামলা নং ১৪/২৬-এর ভিকটিম মোছা. তানজিলা আক্তার ওরফে তামান্না নামের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় আবদুর রহিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন। রায়ের নির্দেশনায় আদালত উল্লেখ করেন, আসামিকে প্রদত্ত ৫০ হাজার টাকা অর্থদণ্ডের অর্থ ক্ষতিপূরণ হিসেবে দণ্ডিত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে আদায় করে ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রদান করা হবে।

এদিকে রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আবদুর রহিম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কড়া নিরাপত্তায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, দ্রুততম সময়ে এই রায় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দেবে।

মন্তব্য করুন