মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বাইক দুর্ঘটনার কবলে পড়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানোর সময় তিনি দুর্ঘটনার সম্মুখীন হন। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনাটি তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। অভিনেতা তার পোস্টে লিখেছেন, “আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।”

বাইক চালকদের উদ্দেশ্যে জোভান লিখেছেন, “রাস্তায় আমরা অনেক সময় ভাবি—‘আরেকটু স্পিডে গেলে কী হবে?’ বা ‘আমি তো ভালোই চালাই।’ কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।”

তিনি সবাইকে হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, “আপনার জন্য আপনার পরিবার ও প্রিয় মানুষগুলো অপেক্ষা করে। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

জোভানের এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেতার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন