পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: পর্যটনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী ২০৪০ সালের মধ্যে দেশের পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এই বিশাল লক্ষ্য অর্জনে সরকার পর্যটন ও সেবা খাতভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের ব্র্যান্ডিং বাড়াতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে পর্যটনমন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী স্বীকার করেন যে, বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের অভাবে দেশের পর্যটন শিল্প এখনো অনেকটা পিছিয়ে রয়েছে এবং বর্তমান প্রচার কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।

সংসদ টেবিলে উপস্থাপিত জবাবে মন্ত্রী জানান, দেশের পর্যটন আকর্ষণ ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি সুনির্দিষ্ট বিপণন কৌশল নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ, বিদেশে রোড শো ও বিটুবি সেশন আয়োজন এবং বিদেশি ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টদের নিয়ে পরিচিতিমূলক ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের ওপর বিশেষ জোর দিয়ে ‘বিউটিফুল বাংলাদেশ’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৫০০টিরও বেশি অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট এবং স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রচার করা হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বেনাপোল স্থলবন্দর এবং সেন্টমার্টিন দ্বীপে ইতিমধ্যে টুরিস্ট ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে শ্রীমঙ্গলে ‘হারমনি ফেস্টিভ্যাল’ আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন ও সেবা খাতের সার্বিক উন্নয়নে ‘ন্যাশনাল ট্যুরিজম হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি (২০২১-২০৩০)’ গ্রহণ করা হয়েছে। দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নামক একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজ, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এবং ট্রাভেল টিকিটিংয়ের মতো কারিগরি কোর্স চালু করা হয়েছে। ২০৪০ সালের মধ্যে ২ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখেই গাইডদের বিদেশি ভাষা শিক্ষা ও পেশাদারিত্বের মান বাড়াতে ধারাবাহিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন