সংসদে স্পিকারকে ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে সভাপতির প্রতি ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালি বিধিতে আর নেই বলে জানিয়ে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রুলিং দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং ১৭ জুন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক পয়েন্ট অব অর্ডারে সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানানোর প্রচলিত রীতি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। সে সময় এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংসদকে আশ্বস্ত করা হয়েছিল।
রুলিংয়ে স্পিকার আরও স্পষ্ট করেন, সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারা অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ বা প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করার নিয়ম রয়েছে। তবে, ২০০৬ সালে এই বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে।
সংসদীয় রেকর্ডের উদ্ধৃতি দিয়ে স্পিকার জানান, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করে। পরে ২৬ সেপ্টেম্বর প্রতিবেদনটি সংসদে সর্বসম্মতিক্রমে বিবেচিত ও গৃহীত হয়, যেখানে ২৬৭(১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল। যেহেতু কার্যপ্রণালি বিধি হতে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু সংসদ সদস্যবৃন্দ জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। এর মাধ্যমে জাতীয় সংসদে সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বা একক পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই বলে চূড়ান্তভাবে স্পষ্ট করা হলো।
|