শ্যামনগরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ইউএনওর মতবিনিময়
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে শিক্ষার মান উন্নয়ন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ছামিউল আযম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত, মহিলা বিষয়ক কর্মকর্তা সারিত বিন সফিক এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিয়ার আলী।
সভায় শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা প্রদান এবং কোচিং বাণিজ্য বন্ধের কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইন লঙ্ঘনে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও সাইবার বুলিং থেকে দূরে রাখতে সচেতনতামূলক ক্লাস নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, সাইবার অপরাধ মুক্ত আধুনিক শ্যামনগর গড়তে প্রশাসন শিক্ষকদের পাশে থাকবে; তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না।
এআইএল/সকালবেলা