সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ণ
সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি ও সংবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়; এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডার নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার পর স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদ কার্যপ্রণালী বিধি ও সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়। এখানে সব সদস্যের সমান অধিকার থাকলেও কার্যক্রম পরিচালিত হয় নির্দিষ্ট আইন ও বিধির আওতায়।

পয়েন্ট অব অর্ডার উত্থাপনের সময় সম্পর্কে স্পিকার বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর এ বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে। বাজেট অধিবেশন চলাকালে সাধারণত পয়েন্ট অব অর্ডার কম গ্রহণ করা হয়, কারণ এ সময় গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে দীর্ঘ আলোচনা চলে।

তিনি বলেন, যখন ইচ্ছা দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো বিষয়ে আলোচনা করতে হলে বিধি অনুযায়ী নোটিশ দিতে হয়।

মুজিবুর রহমানের উত্থাপিত একটি প্রসঙ্গের জবাবে স্পিকার বলেন, তাকে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করতে দেখা গেছে, যা সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে সংসদীয় রীতির পরিপন্থী মনে হয়েছে। এ কারণেই তিনি বিষয়টি পয়েন্ট অব অর্ডারে তুলেছেন।

অন্যদিকে নুরুল আমীনের উত্থাপিত বিষয়ে স্পিকার বলেন, শিক্ষক ও বেতন না পাওয়া পৌর কর্মচারীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সংসদে আলোচনা করার জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়া হলে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে বিষয়টি আলোচনার সুযোগ থাকত।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, পয়েন্ট অব অর্ডার কেবল চলমান বিষয়ের ওপর ভিত্তি করেই হওয়া উচিত এবং সংসদীয় রীতিনীতি বজায় রাখা প্রত্যেক সদস্যের দায়িত্ব।

মন্তব্য করুন