বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম, সম্পাদক জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ
বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম, সম্পাদক জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রেস ক্লাব কার্যালয়ে শুরু হওয়া ভোটগ্রহণে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক ইত্তেফাক’-এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমার বার্তা’-এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল জলিল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ‘দৈনিক সকালবেলা’ ও ‘দৈনিক বাংলাদেশের আলো’-এর বীরগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আগামীর সময়’-এর বীরগঞ্জ প্রতিনিধি রেজাউল ইসলাম। নির্বাচন ঘিরে ক্লাব সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটার ও প্রার্থী উভয়েই নির্বাচন কমিশনের সার্বিক পরিচালনায় সন্তুষ্টি প্রকাশ করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতারা জানান, প্রেস ক্লাবের সাংবাদিকদের ঐক্য, অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে তারা একযোগে কাজ করবেন। তাঁরা আরও বলেন, “বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবকে একটি কার্যকর, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।” নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের পেশাগত নানা সমস্যার সমাধান ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবের সাধারণ সদস্যরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন