ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে বিপ্লব: লাল ফলে কৃষকের ভাগ্য 'লাল'

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে বিপ্লব: লাল ফলে কৃষকের ভাগ্য 'লাল'

মো. হাসান ইসলাম, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে এক সময় প্রথাগত ফসল ধান, গম আর পেঁয়াজ-রসুনের আধিপত্য থাকলেও এখন সেখানে উঁকি দিচ্ছে টকটকে লাল স্ট্রবেরি। উচ্চমূল্যের এই বিদেশি ফল চাষ করে ভাগ্য বদলাতে শুরু করেছেন স্থানীয় কৃষকরা। ঈশ্বরদীর ভাড়ইমারী, জগন্নাথপুর ও মানিকনগর এলাকার মাঠগুলোতে এখন স্ট্রবেরি চাষের রীতিমতো বিপ্লব ঘটে গেছে।

স্থানীয় কৃষক মো. রকিবুল ইসলাম (৩৫) ধান-গমের বদলে এবার দুই বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। তিনি জানান, ভাদ্র-আশ্বিন মাসে চারা রোপণের পর অগ্রহায়ণের শুরু থেকে ফলন আসতে শুরু করে। প্রতি বিঘায় প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হলেও আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ১০ লক্ষ টাকার ফল বিক্রি করা সম্ভব। অর্থাৎ বিঘাপ্রতি লাভ থাকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা।

সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন ফল সংগ্রহ ও কার্টনে সাজানোর কাজে। এখান থেকে স্ট্রবেরি ট্রাকযোগে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে পাঠানো হচ্ছে। বর্তমানে ৫০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হলেও মৌসুমের শুরুতে এর দাম ছিল ১৫০০-২০০০ টাকা। তবে পচনশীল এই ফল সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। হিমাগারে রাখলে এর রঙ ও স্বাদ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে চাষিরা দ্রুত বাজারজাত করতে বাধ্য হন।

চাষি আব্দুল কাদের ও সাইদুল ইসলাম জানান, বৃষ্টির পানি স্ট্রবেরির জন্য কালবৈশাখী স্বরূপ; এতে পচন ধরে। সরকারি তদারকি ও উন্নত প্যাকিং ব্যবস্থা এবং রপ্তানির সুযোগ পেলে ঈশ্বরদীর স্ট্রবেরি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠানো সম্ভব। রাজশাহী থেকে আসা ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, "ঈশ্বরদীর স্ট্রবেরির মান ও স্বাদ অত্যন্ত ভালো, তাই দূর-দূরান্ত থেকে পাইকাররা এখানে ছুটে আসেন।"

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন জানান, গত মৌসুমে ১ হেক্টর জমিতে ১৮ মেট্রিক টন স্ট্রবেরি উৎপাদন হলেও এবার ২ হেক্টর জমিতে ৩৫ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তিনি বলেন, "স্ট্রবেরি খুব নরম ফল, তাই আমরা কৃষকদের আধুনিক পদ্ধতিতে সংগ্রহের পরামর্শ দিচ্ছি। কৃষকরা লাভবান হওয়ায় আগামীতে আবাদ আরও বাড়বে।"

ঈশ্বরদীর এই 'লাল বিপ্লব' প্রমাণ করছে যে, সঠিক পরিকল্পনা ও শ্রম দিলে আধুনিক কৃষির মাধ্যমে প্রান্তিক কৃষকের ভাগ্য আমূল বদলে ফেলা সম্ভব।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন