ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (BIU) এক শিক্ষার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার দায়ে দুই বছরের জন্য ছাত্রত্ব স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর এ. কে. এম. জাওয়াদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নাম আমিনুল ইহসান। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ৪র্থ বর্ষের ৮ম সেমিস্টারের ছাত্র। জানা গেছে, আমিনুল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. গোলাম মাওলার বিরুদ্ধে ৫০-৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বক্তব্য দিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়, রেজিস্ট্রারের বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রেক্ষিতে ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি আমিনুল ইহসানের বক্তব্য গ্রহণ এবং দালিলিক তথ্য যাচাই করে। তদন্ত শেষে কমিটি এই অভিযোগকে 'সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে প্রতিবেদন পেশ করে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সভায় আমিনুলকে দোষী সাব্যস্ত করে। চিঠিতে বলা হয়েছে, তার এই কর্মকাণ্ড 'বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আচরণ ও শান্তি বিধিমালা-২০২৫' এর অপরাধের ধারা ৩.৩ এর ৮ উপধারা এবং শাস্তির ধারা ৬.৩ এর ২ উপধারার অন্তর্ভুক্ত। এই বিধান অনুযায়ী, তাকে ৪ সেমিস্টার বা ২ বছর মেয়াদের জন্য (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) ছাত্রত্ব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী আমিনুল ইহসান এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "আমি কেবল দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। সত্য প্রকাশ করায় আমাকে অন্যায়ভাবে শিক্ষাজীবন থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে।"
এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর এ. কে. এম. জাওয়াদুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। ঘটনাটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ