কোরবানি ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে

কোরবানি ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিঁড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী মন্তব্য করেন যে, বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে হলে বৃক্ষরোপণ কর্মসূচিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় কোটি মানুষ ঢাকা থেকে বাইরে গেলেও আনুমানিক ১ কোটি কোরবানির পশু একই সময়ে ঢাকায় প্রবেশ করবে। এই চাপ সামলাতে নতুন করে আরও একটি যমুনা সেতু নির্মাণ করা যায় কি না, তা নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।’

তিনি আরও জানান, যাতায়াত ব্যবস্থা সহজ করতে একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে। তবে সেটি যদি আশানুরূপ কাজ না করে, তাহলে স্থায়ী কোনো প্রকল্প নেওয়া হবে না। এর জন্য সরকার কোনো অতিরিক্ত ব্যয় করবে না বলেও স্পষ্ট করেন তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন