ঝিনাইদহে রাস্তা পারাপারের সময় ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহে রাস্তা পারাপারের সময় ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ভ্যানের ধাক্কায় মো: শমসের মন্ডল (৮০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে শহরের আরাপপুর এলাকায় যশোর-গড়াই বাস কাউন্টার সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শমসের মন্ডল ঝিনাইদহ শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শমসের মন্ডল আরাপপুর মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি পিচঢালা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ভ্যানটি আটক করা সম্ভব হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের পরিবার ও এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন