ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ১৪ জন জেলে অবশেষে নিজভূমে ফিরে এসেছেন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত ১১টার দিকে একটি নৌকায় করে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলে পৌঁছান। তবে অভিযোগ উঠেছে, দালালের মাধ্যমে মোটা অঙ্কের ‘মুক্তিপণ’ দিয়ে তাদের জীবন বাঁচাতে হয়েছে।
গত ২৮ মার্চ শনিবার নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় গুলি ছুঁড়ে এই ১৪ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। অপহৃতদের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় দালালের মাধ্যমে প্রায় দুই লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই লেনদেনের বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
ফিরে আসা জেলেদের মধ্যে রহিম উল্লাহ জানান, তাদের ধরে নিয়ে যাওয়ার পর অমানুষিক নির্যাতন করা হয়েছে। কোনো খাবার দেওয়া হয়নি এবং নৌকার মাঝি মালাই কালু বর্তমানে গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
জেলে গিয়াস উদ্দিনের মা রশিদা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, "আমার তিন ছেলেসহ পরিবারের পাঁচজন ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তারা খুব অসুস্থ, সবার কাছে দোয়া চাই।"
সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ফারিহা ইয়াছমিন জেলেদের ফিরে আসার খবর নিশ্চিত করেছেন। তবে অর্থ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, "তিনটি নৌকাসহ ১৪ জন জেলে ফিরে এসেছেন। তারা কীভাবে এবং কার মাধ্যমে ফিরলেন, সে বিষয়ে বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
সীমান্তে এ ধরনের অপহরণের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি ও কোস্ট গার্ডের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন শাহপরীর দ্বীপের বাসিন্দারা।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ