কোটালীপাড়ায় দুই তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কোটালীপাড়ায় দুই তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে মজুত রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল ২০২৬) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—হাজরাবাড়ি গ্রামের বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, অসাধু এই ব্যবসায়ীরা তেল মজুত করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ গণমাধ্যমকে জানান, "জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা হাজরাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সত্যতা পাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করি। জনস্বার্থে আমাদের এই তদারকি ও অভিযান আগামীতেও কঠোরভাবে চলমান থাকবে।"

অভিযান চলাকালীন উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন