ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাখাওয়াত হোসেন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভিজিটিং কার্ডের আড়ালে কৌশলে দেহব্যবসা পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এসব কার্ড ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শ্রীপুরের ব্যস্ততম মাওনা চৌরাস্তা থেকে গড়গড়িয়া মাস্টার বাড়ি পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এসব রহস্যময় ভিজিটিং কার্ড পড়ে আছে। বিশেষ করে পথচারী পারাপারের স্থান, যানবাহনের স্টপেজ, দোকানপাটের সামনে এবং ফুটপাতের আশপাশে এই কার্ডগুলোর উপস্থিতি সবচেয়ে বেশি।
স্থানীয়দের তথ্যমতে, আনসার রোড ফ্লাইওভারের নিচে এবং এর আশপাশের জনাকীর্ণ এলাকায় পরিকল্পিতভাবে এসব কার্ড ফেলে রাখা বা বিতরণ করা হয়। কার্ডগুলোতে শুধুমাত্র একটি মোবাইল নম্বর দেওয়া থাকে। অভিযোগ রয়েছে, এই নম্বরগুলোতে যোগাযোগের মাধ্যমে গোপনে অনৈতিক কর্মকাণ্ডের চুক্তি করা হয় এবং নির্দিষ্ট স্থানে খদ্দেরদের ডেকে নেওয়া হয়।
মাওনা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জানান, মহাসড়কের মতো উন্মুক্ত ও ব্যস্ত এলাকায় এ ধরনের কার্যক্রম সামাজিক পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ সমাজ এসব কার্ডের মাধ্যমে বিভ্রান্ত ও নৈতিকভাবে অবক্ষয়ের শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বিষয়টি প্রশাসনের অগোচরে থাকলেও একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে এই অপকৌশলে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে মাওনা চৌরাস্তা, আনসার রোড ও গড়গড়িয়া এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। একই সঙ্গে কার্ডে থাকা মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে সংশ্লিষ্ট চক্রকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ