জামালপুরে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
মোঃ ইমরান মাহমুদ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে কামালপুর হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পান। পরে স্বজনেরা গিয়ে লাশটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এআইএল/সকালবেলা