ফেনীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু
এম. জহিরুল হক মিলন (ফেনী): “পরিচ্ছন্ন শহর গড়ি, ডেঙ্গুমুক্ত ফেনী গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ফেনী পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬ শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা করা হয়।
ফেনী পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহাসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় এলাকাবাসী।
সভাপতির বক্তব্যে পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং মশকনাশক ওষুধ ছিটানোর কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, “ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ আমাদের জনজীবনের জন্য এক নীরব হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি এখন আর কোনো সাধারণ মৌসুমী জ্বর নয়; দেশজুড়ে এটি একটি বড় উদ্বেগের কারণ।” তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক অভিযান দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর জোর দেন তিনি।
জেলা প্রশাসক সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিক হওয়ার নির্দেশ দেন। পরিচ্ছন্নতা অভিযানকে কেবল একদিনের আনুষ্ঠানিকতা না করে এটিকে প্রতিদিনের অভ্যাসের অংশ করার আহ্বান জানান তিনি।
এআইএল/সকালবেলা