সোলার প্যানেলে মাসে সাশ্রয় ৫০-৬০ হাজার
মোস্তাকিন হোসেন (পাঁচবিবি, জয়পুরহাট): তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুতের অতিরিক্ত ব্যয় থেকে স্বস্তি পেতে এখন সোলার প্যানেলের দিকে ঝুঁকছেন অনেকে। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি মাসে বড় অংকের টাকা সাশ্রয়ের নতুন সুযোগ তৈরি হচ্ছে।
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের গণেশপুর এলাকায় এর এক অনন্য দৃষ্টান্ত গড়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল। তিনি নিজের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য পুকুরপাড়ে সারিবদ্ধভাবে সোলার প্যানেল স্থাপন করেছেন। উৎপাদিত এই বিদ্যুতে চলছে ঘরের ফ্যান, লাইটসহ বিভিন্ন প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি।
ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল জানান, “বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে মাঝেমধ্যে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয়। এ কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন থেকে আমার ছেলে নাফিজ মন্ডল সোলার প্যানেল স্থাপন করে। আগে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান মিলিয়ে মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হতো। সোলার প্যানেল বসানোর পর এখন মাসে মাত্র তিন হাজার টাকার মতো বিল আসছে। এতে আমাদের প্রচুর টাকা সাশ্রয় হচ্ছে।”
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, সোলার প্যানেল সূর্যের আলো ব্যবহার করে ইনভার্টার, ব্যাটারি ও চার্জ কন্ট্রোলারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। সৌরবিদ্যুতের প্রসার ঘটলে জাতীয় গ্রিডের প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব। তবে এর জন্য সঠিক চাহিদা নির্ধারণ ও প্রাথমিক বিনিয়োগের সুপরিকল্পনা থাকা জরুরি।
এআইএল/সকালবেলা