১৩ মাসেই কুরআনের হাফেজ হলো শিশু নাঈম
অনলাইন ডেস্ক: মাত্র ১০ বছর বয়সে ও ১৩ মাসের স্বল্প সময়ে পবিত্র কুরআনুল কারিমের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে শিশু মুহাম্মদ নাঈম আহমদ।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় মাদ্রাসার শিক্ষকের কাছে পবিত্র কুরআনের শেষ সবক প্রদানের মাধ্যমে তার হিফজ সম্পন্ন হয়।
নাঈম যমুনা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান ‘নুরুল ইসলাম ফাউন্ডেশন’ দ্বারা পরিচালিত জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। অসাধারণ এই অর্জনে তার পরিবার, শিক্ষকমণ্ডলী ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। সিলেটের কানাইঘাট উপজেলার চতুল-সরুফৌদ গ্রামের মরহুম শফিক আহমদ ও মরিয়ম বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান সে।
পিতৃহীন এ শিশুর জীবনে নানা প্রতিকূলতা থাকলেও নিজের অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তদারকিতে সে এই সাফল্য অর্জন করে। নাঈমের মা মরিয়ম বেগম জানান, প্রায় সাত বছর আগে স্বামী হারানোর পর তীব্র আর্থিক সংকটে পড়া পরিবারটির পাশে দাঁড়ায় যমুনা গ্রুপ। তাদের সার্বিক সহায়তায় নিঃস্ব পরিবারটির সন্তানকে হাফেজ বানানোর স্বপ্ন আজ সত্যি হলো।
জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাহবুবুল আম্বিয়া শিশু নাঈমের মেধা ও একাগ্রতার প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে শিশু নাঈম বলে, “মায়ের দোয়া ও ওস্তাদদের সার্বিক সহযোগিতায় কম সময়ে হিফজ শেষ করতে পেরেছি। ভবিষ্যতে একজন বড় আলেম হয়ে দেশ ও ইসলামের খেদমত করতে চাই।”
এআইএল/সকালবেলা