সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গুলিতে নিহত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডজনখানেক মামলার আসামি সাহেব আলী (৩৫) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে আটিগ্রাম এলাকায় অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
এর আগে, গত ১৬ আগস্ট সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করতে গেলে তাঁর সহযোগীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। এছাড়া গত বছরের ৩০ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক অভিযানে সাহেব আলীকে আটক করা হলেও তাঁর সহযোগীরা হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা