দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ গড়তে ইনসাফের প্রতীককে বিজয়ী করুন: শিবির সভাপতি

দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ গড়তে ইনসাফের প্রতীককে বিজয়ী করুন: শিবির সভাপতি

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে দখলদার, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দিতে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কাহালু রেলওয়ে বটতলায় জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষে আয়োজিত বিশাল এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি বলেন, “দেশের মানুষ নতুন কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লবে জীবন দেয়নি। বিএনপি অতীতে ক্ষমতায় গিয়ে জাতিকে দুর্নীতি ও হাওয়া ভবন উপহার দিয়েছে। তারা আবারও ক্ষমতা দখল করে বিদেশের অর্থ পাচার করতে চায়। অথচ আমাদের নেতারা ফাঁসির ভয় উপেক্ষা করে দেশের মানুষের পাশে ছিলেন। যারা জীবনের ভয়ে বিদেশে পালিয়ে ছিলেন, তারা এখন আমাদের নিয়ে অপবাদ দিচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে।”

গণসমাবেশ শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের হয়। আয়োজকদের দাবি, প্রায় ৩০ হাজার মানুষ এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বগুড়া-নওগাঁ মহাসড়ক হয়ে বিবিরপুকুর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, কাহালু-নন্দীগ্রাম এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে তিনি রাস্তাঘাটের উন্নয়ন এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের গাজী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান, চবি ভিপি ইব্রাহিম রনি এবং বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। এছাড়াও স্থানীয় বিএনপি ও এলডিপিসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন