দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক ২
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বাগিচাপাড়া এলাকার জলিল আকন্দের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
অভিযানকালে জলিল আকন্দের স্ত্রী নাজমুন নাহার খানম (তামান্না) ও তাঁর শ্বশুর শফিকুল ইসলামকে আটক করা গেলেও মূল অভিযুক্ত জলিল আকন্দ (৪৫) সটে পড়েন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|