নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—২৪ নম্বর ওয়ার্ডের এসআই রোড এলাকার শরীফ হোসেনের ছেলে মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল (৩২), একরামপুর এলাকার মনির হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), পিচ কামতাল এলাকার আওয়ামী লীগ নেতা কাদির ডিলারের দুই ছেলে যুবলীগ সদস্য মেজবাউদ্দিন (৪০) ও আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৫৫), মাহমুদনগর এলাকার টিপন (৫০) এবং উত্তর রূপালী আবাসিক এলাকার আব্দুর রব (৫৬)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা ক্ষুণ্ণ করতে এবং আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একটি চক্র ঝটিকা মিছিল ও দেশবিরোধী ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফতুল্লা ও বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন