সোনারগাঁওয়ে নানির বাড়িতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মায়ের সঙ্গে নানির বাড়িতে ঘুরতে এসে পুকুরের পানিতে ডুবে অয়ন নামে ৮ বছরের এক ফুটফুটে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় শিশুটির সমবয়সী খালা রোজা পানিতে তলিয়ে গিয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ শহীদ মজনু পার্ক এলাকা সংলগ্ন একটি পুকুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু অয়ন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অয়নের মা তাঁর শিশু পুত্র অয়নকে সাথে নিয়ে চিলারবাগে নিজের পৈতৃক বাড়িতে বেড়াতে আসেন। সকালে অয়ন তার দুই শিশু খালামণি রোজা ও শান্তার সঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি শিশুদের গভীর পানিতে না নেমে বাড়ি ফিরে যেতে তাগিদ দিয়েছিলেন।
পরবর্তীতে শান্তা নামের শিশুটি বাড়ি ফিরে গেলেও অয়ন ও রোজা পুকুরেই থেকে যায় এবং একপর্যায়ে দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুকুরে গোসলের বিষয়টি জানতে পারেন।
সংবাদ পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শিশু অয়নকে মৃত ঘোষণা করেন।
এদিকে গুরুতর অসুস্থ শিশু খালার (রোজা) শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে। অবোধ শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
|