মির্জাপুরে হিন্দু যুবকের ইসলাম গ্রহণ

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
মির্জাপুরে হিন্দু যুবকের ইসলাম গ্রহণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অনিক কর্মকার নামের এক সনাতন ধর্মাবলম্বী যুবক নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান জামিল।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) জুমার নামাজ শেষে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সালাহ উদ্দিন আশরাফী তাঁকে কলেমা পাঠ করান। এ সময় উপস্থিত শত শত মুসল্লির সামনে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

আব্দুর রহমান জামিল মির্জাপুর পৌরসভার সাহাপাড়া গ্রামের জয়দেব কর্মকারের ছেলে। তাঁদের পৈতৃক নিবাস উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে বলে জানা গেছে।

নিজের ধর্ম পরিবর্তনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আব্দুর রহমান জামিল জানান, বাল্যকাল থেকেই ইসলাম ধর্মের নিয়মনীতি, আদর্শ ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। বিগত চার বছর ধরে তিনি ইসলাম ধর্মের ইতিহাস ও মূলনীতি নিয়ে পড়াশোনা ও গবেষণা করে আসছিলেন।

তিনি জানান, মূলত ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর থেকে ধর্মীয় জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। গত প্রায় দশ মাস যাবত তিনি ঢাকার একটি মাদরাসায় অবস্থান করে ইসলামের মৌলিক শিক্ষা ও শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। আজ জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে স্থানীয় মুসল্লিদের সামনে বিষয়টি তিনি প্রকাশ করলেন।

পারিবারিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, তাঁর পরিবারে বাবা-মা ছাড়াও দুই বড় বোন রয়েছেন, যাঁদের বিয়ে হয়ে গেছে। ভিন্ন ধর্ম গ্রহণ করলেও বাবা-মায়ের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক রয়েছে এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।

তিনি আরও বলেন, "ইসলামি শরিয়াহ অনুযায়ী সন্তানের ওপর বাবা-মায়ের দেখাশোনা ও ভরণপোষণ করা ফরজ। আমি সাধ্যমতো আমার বাবা-মায়ের দায়িত্ব পালন করে যাব এবং তাঁদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরব। মহান আল্লাহ যেন তাঁদেরও সঠিক পথ দেখান।"

জীবনের এই নতুন পথচলায় তিনি দেশবাসীসহ সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সালাহ উদ্দিন আশরাফী জানান, ওই যুবক স্বপ্রণোদিত হয়ে ও স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন এবং তাঁকে কলেমা পাঠ করানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন