‘অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ’
সকালবেলা প্রতিনিধি: মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে এক নজিরবিহীন বক্তব্য দিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ।
সম্প্রতি উপজেলার হাজিরহাট বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে এক খোলা মাঠে ওসির দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পুলিশের এমন সরাসরি ও দায়িত্বশীল বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরহাট বাজারে উপস্থিত শত শত মানুষের সামনে সরাসরি পুলিশ সদস্যদের পেছনে দাঁড় করিয়ে ওসি ফরিদুল আলম বলেন, "আমি মাদকের সঙ্গে কখনো আপস করি না। কোনো জুয়ার বোর্ড থেকে পুলিশ টাকা নেয় না, মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের কোনো সখ্য নেই। আমার নিজেরও কোনো অসাধু বা অবৈধ সম্পর্ক নেই।"
জনসাধারণের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে তিনি আরও বলেন, কোনো মাদক ব্যবসায়ী বা জুয়াড়ির সুপারিশ নিয়ে কোনো রাজনৈতিক নেতা কিংবা মাধ্যম হয়ে থানায় যাওয়া যাবে না। ভালো মানুষ হিসেবে যেকোনো আইনি সেবার জন্য যে কেউ সরাসরি থানায় আসতে পারেন, কিন্তু কোনো অপরাধীকে সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার সুযোগ আর নেই। পুলিশ বাহিনী কিংবা সমাজে মাদককারবারি ও জুয়াড়িদের কোনো ঠাঁই হবে না।
বক্তব্যের একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের দেখিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দেন—যদি কোনো পুলিশ সদস্যের সঙ্গে মাদক বা জুয়াড়ির সম্পৃক্ততা থাকে, তবে প্রকাশ্যে আঙুল তুলে তা দেখিয়ে দিতে। প্রমাণ পেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
ওসির এমন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আহ্বানে উপস্থিত জনতা করতালি ও সমর্থনের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহল আশা করছেন, ওসির এই ‘জিরো টলারেন্স’ নীতি মাঠপর্যায়ে কঠোরভাবে বাস্তবায়িত হলে এলাকাটি খুব দ্রুতই মাদকমুক্ত ও শান্তিময় জনপদে পরিণত হবে।
এআইএল/সকালবেলা
|