আ: লীগ নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার পল্লবী আবাসিক সংলগ্ন গাংপাড়া কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ ও দৈনিক গণকণ্ঠের রাজশাহী প্রতিনিধি এবং নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সহকর্মীর বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা সম্রাটের গতিপথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাঁর মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় অপর সাংবাদিক আবির শেখ এবং তাঁর পরিবারের চার সদস্যও হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক আবির শেখ দাবি করেন, অবৈধ পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ভিডিও ধারণের জের ধরে রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকের ওপর এই নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|