বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
ছাত্র বিষয়ক উপদেষ্টা ও ওরিয়েন্টেশন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাকৃবির ডীন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নিয়ে "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৫ বৎসরের পথ পরিক্রমা" শীর্ষক বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দেশি-বিদেশি নবীন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। এ ছাড়া ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবদুল্লাহ আল মঈন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, "কৃষিপ্রধান বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষির অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বাকৃবির অবদান অনস্বীকার্য।" তিনি ডিজিটালাইজড ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবীন শিক্ষার্থীদের দক্ষ ও মেধাভিত্তিক কৃষিবিদ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে এবং দেশকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|