চট্টগ্রামে প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের ঘোষণা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামে প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের ঘোষণা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ সোহেল রানা, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীকে আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই বিশেষ ঘোষণা দেন।

পরিদর্শনকালে মেয়র জানান, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ এবং আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই বিশেষ উদ্যোগের আওতায় রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, দুইপাশে দৃষ্টিনন্দন ফুটপাত এবং একপাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়েসহ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে। উন্নত বিশ্বের আদলে ধাপে ধাপে চট্টগ্রামে আধুনিক নগর ব্যবস্থাপনা চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. শাহাদাত হোসেন আরও উল্লেখ করেন, চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের যোগাযোগ অবকাঠামো অপরিহার্য। বিমানবন্দর এলাকাটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হওয়ায় এখানে নান্দনিক ও টেকসই অবকাঠামো গড়া এখন সময়ের দাবি।

পতেঙ্গা সমুদ্র সৈকতের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ভিড় করেন। সৈকত ও বিমানবন্দর সড়ককে সংযুক্ত করে একটি নিরাপদ সাইকেল লেন নির্মিত হলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন। এতে একদিকে যেমন যানজট ও দূষণ হ্রাস পাবে, অন্যদিকে নাগরিকদের মধ্যে স্বাস্থ্যসচেতন জীবনযাপনের উৎসাহ বাড়বে।

পরিদর্শন শেষে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার কঠোর নির্দেশ দেন। এছাড়া নির্মাণকাজ চলাকালীন সাধারণ মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দেন তিনি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন