ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলাজুড়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টিকেই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগর এলাকায় ২২৭টি এবং জেলা অংশে ২১৩টি কেন্দ্র রয়েছে। সম্ভাব্য সহিংসতা ও অনিয়ম রোধে এসব কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
উপজেলা ভিত্তিক হিসেবে সদরের ৪৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টিই গুরুত্বপূর্ণ। এছাড়া কালিয়াকৈরে ৯১টি, শ্রীপুরে ৯৭টি, কাপাসিয়ায় ৪৬টি এবং কালীগঞ্জে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। মহানগর এলাকায় থাকা তিনটি সংসদীয় আসনের আওতায় ২২৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হবে। অনিয়ম রোধে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা বডি ওয়ার্ন ক্যামেরার মাধ্যমে দায়িত্ব পালন করবেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একই সাথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে জেলার সকল রিসোর্ট চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ