পীরগাছায় ১০ কোটির দুর্নীতি: দুদক ডাকলেও হাজির হননি সাবেক ইউএনও

পীরগাছায় ১০ কোটির দুর্নীতি: দুদক ডাকলেও হাজির হননি সাবেক ইউএনও

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমনের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নতুন করে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম। দুদকের উপ-পরিচালক (ডিডি) মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল সোমবার থেকে এই তদন্ত কার্যক্রম শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবার তদন্ত টিম উপজেলার শল্লার বিল আশ্রয়ণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে। দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক ইউএনও নাজমুল হক সুমন ও পিআইও আব্দুল আজিজের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসায় টেকনিক্যাল টিমসহ তদন্ত পরিচালনা করা হচ্ছে। তবে তদন্তে সহযোগিতার জন্য তাদের ডাকা হলেও সাবেক ইউএনও নাজমুল হক সুমন উপস্থিত হননি।

অভিযোগ রয়েছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের শল্লার বিলে ভূমিহীনদের জন্য ৪৩০টি ঘর নির্মাণে সরকারি নীতিমালার তোয়াক্কা না করে নজিরবিহীন দুর্নীতি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত ২০ কোটি টাকার এই প্রকল্পে নিম্নমানের কাজ করে প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি বিক্রি করে আরও প্রায় সাড়ে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের ঘরগুলোতে পর্যাপ্ত নাগরিক সুবিধা নেই এবং ঘর বরাদ্দের জন্য সুবিধাভোগীদের কাছ থেকে ১০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাজমুল হক সুমন বর্তমানে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত থেকে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেবল আশ্রয়ণ প্রকল্পই নয়, টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির আওতায় অস্তিত্বহীন প্রকল্পের নাম দিয়েও বিপুল অর্থ আত্মসাৎ করেছেন এই কর্মকর্তা। নাজমুল হক সুমনের বদলির পর রাতের আঁধারে অফিস সহকারী রেজাউল করিমকে দিয়ে দুর্নীতির ফাইল সংশোধনের চেষ্টার অভিযোগও উঠেছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক দুদকের টিম আসার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অবিলম্বে এই অর্থ আত্মসাতের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন