ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর): নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে নিজ এলাকার মানুষের কাছে ভোট চেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা উপজেলা জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদেরও স্পর্শ করে।
বক্তব্যের একপর্যায়ে তিনি তাঁর মরহুম পিতা শাহ মিজানুর রহমানের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, “আমার বাবা ফেরেশতা ছিলেন না, মানুষ ছিলেন। তিনি যদি রাজনীতি করতে গিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তবে আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দেবেন।” তিনি আরও বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে ভোট চাই। দোয়া করবেন যেন কোনোদিন হারামের টাকা আমার নাড়িতে প্রবেশ না করে।”
উল্লেখ্য, শাহ মাহবুবার রহমান এর আগে ২০০৯ ও ২০১৯ সালে দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাবা শাহ মিজানুর রহমানও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান এবং স্থানীয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা লাঙ্গল প্রতীকের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে বিকেলে একটি বিশাল শোডাউনের মাধ্যমে পীরগাছা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন জাপা প্রার্থীরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ