ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: ঘড়ির কাঁটা ঘুরলেই ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা হিসেবে পরিচিত যশোর-৫ (মণিরামপুর) আসনে এবারের নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিএনপি মনোনীত রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক এবং স্বতন্ত্র প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেনের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন। নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন জানান যে, উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২৮টি কেন্দ্রে সারাদিন বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ১২টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
নির্বাচন সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোঃ সম্রাট হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। নিরাপত্তার বিশেষ দিক হিসেবে প্রতিটি কেন্দ্র এলাকায় ৩ থেকে ৫টি থ্রি-ডি সিসি ক্যামেরা বসানো হবে, যা স্মার্টফোনের মাধ্যমে সরাসরি মনিটর করা যাবে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ কিলোমিটার রেঞ্জ কাভার করতে সক্ষম ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে, যাতে আকাশপথ থেকেও কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার প্রস্তুতি আগেই শনাক্ত করা যায়। সিসি ক্যামেরায় যুক্ত বিশেষ সাউন্ড সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে সরাসরি নির্দিষ্ট এলাকায় সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা মণিরামপুরবাসীকে আশ্বস্ত করে বলেন যে, নির্বাচনে যেকোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা দেখা দিলে অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ