উল্লাপাড়ায় উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র: আতঙ্কে ভোটাররা

উল্লাপাড়ায় উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র: আতঙ্কে ভোটাররা

জুয়েল রানা, উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে দেড় বছর আগে লুট হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অস্ত্রগুলোর হদিস না মেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষুব্ধ একটি অংশ থানায় হামলা ও অগ্নিসংযোগ চালিয়ে এসব অস্ত্র লুটে নেয়। এতে নির্বাচনকালীন নিরাপত্তা ও ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে চারটি চায়না রাইফেল, দুটি পিস্তল ও দুটি গ্যাসগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় দেড় শতাধিক রাউন্ড গুলি এখনো উদ্ধার করা যায়নি। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। ওসি স্বীকার করেন যে, এই অস্ত্রগুলো যদি কোনো অপরাধী চক্রের হাতে থাকে, তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমানও বিষয়টি নিয়ে সচেতন থাকার কথা জানিয়েছেন। তবে রাজনৈতিক ও স্থানীয় সাধারণ ভোটারদের মতে, ভোটগ্রহণের আগে এই মরণাস্ত্রগুলো উদ্ধার না হলে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে। ভোটাররা নির্বাচনের আগে দ্রুত অস্ত্র উদ্ধার ও কঠোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন