সিরাজগঞ্জে নারী ও সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে নারী ও সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কামারখন্দের ‘সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা’ কার্যালয় প্রাঙ্গণে নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এএলআরডি (ALRD) ও সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার সহযোগিতায় আয়োজিত এই মানববন্ধনে বক্তারা নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে সকল শ্রেণির ভোটারদের সুরক্ষা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ অপরিহার্য। তাই ভয়ভীতিহীন পরিবেশে তাদের কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন বাদশা, এসডব্লিউসি-এর পরিচালক মো. শফিকুল ইসলাম, এসএএমকেএস-এর মাস্টার ট্রেইনার বিশ্বজিৎ কুমার এবং সমাজসেবক মো. সোহেল আহমেদ। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কামরুন নাহার। কর্মসূচিতে স্থানীয় তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন