মণিরামপুরে আকাশ থেকে নজরদারি করবে ড্রোন, ২০ এলাকা ‘রেড জোন’ ঘোষিত

মণিরামপুরে আকাশ থেকে নজরদারি করবে ড্রোন, ২০ এলাকা ‘রেড জোন’ ঘোষিত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: ভোটের আমেজ আর শঙ্কার দোলাচলে থাকা যশোরের মণিরামপুর উপজেলায় এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩ লাখ ৭৪ হাজার ভোটারের এই জনপদে নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে মাঠের পাহারার পাশাপাশি আকাশ থেকে ড্রোন নজরদারি চালাবে প্রশাসন। অতীতের তিক্ত অভিজ্ঞতা বিশ্লেষণ করে উপজেলার ২০টি এলাকাকে ‘রেড জোন’ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারই প্রথম মণিরামপুরের ভোটকেন্দ্র ও এর আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন জানিয়েছেন, দুর্গম এলাকা বা সিসি ক্যামেরার নাগালের বাইরের কোনো জটলা বা উত্তেজনার খবর পাওয়া গেলে ড্রোন পাঠিয়ে লাইভ ফুটেজ দেখা হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেবে মোবাইল টিম। এছাড়া উপজেলার ১২৮টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বিগত নির্বাচনে সহিংসতা হওয়া এলাকাগুলোকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে সেখানে সেনাবাহিনী ও বিজিবিসহ যৌথ বাহিনীর বিশেষ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। নিয়মিত টহল ও চেকপোস্টের মাধ্যমে পেশিশক্তি প্রদর্শন ঠেকানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন বলছে, রেড জোন ঘোষণার মূল লক্ষ্য হলো আগাম প্রতিরোধের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা।

নিরাপত্তার পাশাপাশি অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব যেন না ছড়ায়, সেদিকেও নজর রাখছে প্রশাসন। ‘মণিরামপুর উপজেলা প্রশাসন’ ফেসবুক পেজের মাধ্যমে ভোটারদের সচেতন করা হচ্ছে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন ভোটারের এই জনপদে প্রযুক্তির ব্যবহার ও বাহিনীর উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে। এখন মাঠপর্যায়ে এই প্রস্তুতির নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোট দেখার প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন