ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী শহরের ১০ নং ওয়ার্ডের কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ারে রাতের আঁধারে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ আবু বকর সিদ্দিক প্রকাশ খোকার নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে পৈত্রিক সূত্রে মালিকীয় জমিতে এই ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি আবু বকর সিদ্দিক ওই জমির মালিকানা দাবি করে এসিল্যান্ড অফিসে অভিযোগ করেন। তবে তদন্তে অভিযোগের সত্যতা না মেলায় ভূমি কর্মকর্তা ইদ্রিস আলীর পক্ষে প্রতিবেদন দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আদালতে মামলা করেন। মামলাটি চলমান থাকা অবস্থাতেই গত বৃহস্পতিবার গভীর রাতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
দোকানের মালিকের দাবি অনুযায়ী, আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ারের দামী আসবাবপত্র, যন্ত্রপাতি এবং ওষুধ লুটপাটের ফলে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (৬ মার্চ) ফেনী জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার সন্তান ইদ্রিস আলী। ইদ্রিস আলী বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দুর্বৃত্তরা পেশিশক্তি ব্যবহার করে সুবিধা নিতে চাইলে তা সফল হবে না। আমি এর সুষ্ঠু বিচার চাই।"
স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, দীর্ঘদিনের এই পরিচিত দোকানে এমন হামলায় তারা সবাই উদ্বিগ্ন। এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অন্যায়ভাবে কারও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার সুযোগ নেই; তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ