নাটোর-বগুড়া মহাসড়কে ধস, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় বিভিন্ন স্থানে সড়কের কিনারা ধসে পড়েছে। একই সঙ্গে মহাসড়কের বেশ কয়েকটি অংশে ফাটল দেখা দেওয়ায় চলাচলকারী যানবাহন ও যাত্রীদের মধ্যে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-বগুড়া মহাসড়কের উন্নয়নকাজ শেষ হওয়ার পরপরই চৌগ্রাম এলাকার কয়েকটি স্থানে সড়কের পাশে ধস দেখা দেয়। কোথাও কোথাও পিচের স্তর ভেঙে মাটি ও পাথর সরে গিয়ে মূল অংশের পাশের জায়গা ফাঁকা হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের প্রায় ১৫টি স্থানে ধস ও ভাঙনের চিহ্ন দেখা গেছে। কয়েকটি স্থানে বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও কিছু স্থানে সড়কের নির্দেশক পোল উল্টে পড়ে থাকতে দেখা গেছে।
উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম এই মহাসড়ক দিয়ে প্রতিদিন রংপুর, বগুড়া, রাজশাহীসহ একাধিক জেলার বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ফলে সড়কের এমন বেহাল দশায় যাত্রী ও চালকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে নাটোর-বগুড়া মহাসড়কের প্রশস্তকরণকাজ শুরু হয়। শেরকোল থেকে চৌগ্রাম পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলতি বছর শেষ হলেও নিংগইন ও হাইটেক পার্ক এলাকায় দুটি সেতুর কাজ এখনো চলমান রয়েছে।
এদিকে কাজ শেষ হতে না হতেই সড়কে ধস ও ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। অতি দ্রুত সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন ও সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা