পীরগাছার তেয়ানি মনিরাম কেন্দ্রে অনিয়মের অভিযোগ

পীরগাছার তেয়ানি মনিরাম কেন্দ্রে অনিয়মের অভিযোগ

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। দুপুর ১২টার দিকে ষাটোর্ধ্ব নুরজাহান বেগম ভোট দিতে বুথে প্রবেশ করলে পোলিং কর্মকর্তা তাকে জানান, তার ভোটটি আগেই প্রদান করা হয়েছে। এই ঘটনায় দীর্ঘদিনের ভোটার নুরজাহান বেগম কান্নায় ভেঙে পড়েন এবং কেন্দ্রের ভেতর-বাইরে সাধারণ ভোটারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

নুরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এতো বছর থাকি ভোট দিয়া আসনু, কোনো সমস্যা হইল না। এবার বলে মোর ভোট আরেক জনে দিছে। মুই তো নিজেই দিবার আসনু।" শুধু নুরজাহান বেগমই নন, রহিমা খাতুনসহ আরও কয়েকজন ভোটার একই অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলামের অভিযোগ, সকাল থেকেই কেন্দ্রটিতে বিচ্ছিন্নভাবে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটছে, যা সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও আস্থার সংকট তৈরি করেছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনছুর হোসেন ঘটনার দায়ভার কিছুটা পোলিং এজেন্টদের ওপর চাপিয়ে বলেন, "এজেন্টরা ভোটার শনাক্ত করতে ভুল করায় এমনটি হতে পারে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং পুনরায় যেন এমন না হয় তার চেষ্টা করছি।" তবে প্রকৃত ভোটার আসার আগেই ভোট হয়ে যাওয়ার বিষয়টি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ বসাক জানান, "বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি এবং খোঁজ নিচ্ছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সচেতন ভোটারদের প্রশ্ন—প্রকৃত ভোটার উপস্থিত হওয়ার আগেই যদি ভোট ‘দেওয়া হয়ে যায়’, তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে?

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন