নড়াইলে ভ্যান চালককে কুপিয়ে হত্যা, নিয়ে গেল ভ্যান

নড়াইলে ভ্যান চালককে কুপিয়ে হত্যা, নিয়ে গেল ভ্যান

শুভ সরকার, নড়াইল: নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামে জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর হোসেন সানা যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি এলাকার নয়েজ সানার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন প্রায় ১৫ বছর আগে নড়াইলে আসেন এবং সদর উপজেলার গোপিকান্তপুর এলাকায় বসবাস শুরু করেন। গত এক বছর ধরে তিনি চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশোনা করতেন এবং ওই বাড়িতে একাই থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি দিনের বেলা ভ্যান চালাতেন।

নিহতের স্ত্রী বিউটি বেগম জানান, পারিবারিক মান-অভিমানের কারণে গত দুই দিন তাঁর স্বামীর সাথে যোগাযোগ ছিল না। রোববার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়ার খবর পান তিনি। তাঁর দাবি, জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর ভ্যানটি ছিনতাই করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই খুনিদের আইনের আওতায় আনা হবে।"

মন্তব্য করুন