শ্রীপুরে মাদকের প্রতিবাদ করায় নারীকে গুলি, স্বামীকে কুপিয়ে জখম

শ্রীপুরে মাদকের প্রতিবাদ করায় নারীকে গুলি, স্বামীকে কুপিয়ে জখম

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাদক কেনাবেচা ও সেবনে বাধা দেওয়ায় এক নারীকে গুলি এবং তাঁর স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদকসেবীরা। 

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী জয়নাল আবেদীন ও মনোয়ারা বেগম দম্পতি এমসি বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং স্থানীয় একটি জমিতে শাকসবজি চাষ করেন। মনোয়ারা বেগম জানান, প্রতিদিন বিকেলের পর স্থানীয় বখাটেরা তাঁদের সবজি খেতে এসে মাদক সেবন ও বেচাকেনা করত। শুক্রবার সন্ধ্যায় জয়নাল আবেদীন তাদের বাধা দিলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

নিষেধ করার একপর্যায়ে বাবুল, শেখ ফরিদ, ইমন ও স্বাধীনসহ একদল যুবক রামদা দিয়ে জয়নালকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। স্বামীর চিৎকার শুনে মনোয়ারা বেগম তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে বাবুল পিস্তল বের করে গুলি ছোড়ে। গুলিটি মনোয়ারা বেগমের ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়।

আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক আল নাফিজ জানান, গুলির আঘাত গুরুতর এবং সেটি হাড়ের ভেতর থাকায় উন্নত চিকিৎসার জন্য মনোয়ারা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জয়নাল আবেদীনকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন