নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহসিনা ইসলাম এই আদেশ দেন।রাষ্ট্রপক্ষ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।মামলার নথি অনুযায়ী, মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে, যার ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে।অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল কবীর রুবেল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট টিপু সুলতান ডায়মন্ড।
জান্নাত/সকালবেলা