আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়ের পর এখন রাজ্যজুড়ে একটিই প্রশ্ন—কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? যদিও শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ভোটে হারিয়ে বড় চমক দেখিয়েছেন, তবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের নজর কেড়েছেন আসানসোল দক্ষিণ থেকে বড় জয় পাওয়া অগ্নিমিত্রা পল।
রাজনীতিতে অগ্নিমিত্রার উত্থান এককথায় রূপকথার মতো। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর মাত্র সাত বছরেই তিনি দলের অন্যতম প্রভাবশালী নেত্রী হয়ে উঠেছেন। আসানসোলের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান অগ্নিমিত্রা পেশায় ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার। শ্রীদেবী, হেমা মালিনী থেকে শুরু করে হিলারি ক্লিনটনের মতো ব্যক্তিত্বদের পোশাক ডিজাইন করেছেন তিনি। ১৯৯৭ সালে নিজস্ব ব্র্যান্ড ‘ইঙ্গা’ (Inga) চালু করার মাধ্যমে তিনি ফ্যাশন জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।
বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক শক্তিশালী নারী নেতৃত্বের মোকাবিলায় বিজেপি একজন নারী মুখকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারে। আসানসোল দক্ষিণে তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়কে ৪০ হাজার ৮৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করে অগ্নিমিত্রা নিজের সাংগঠনিক শক্তির প্রমাণ দিয়েছেন। বিশেষ করে গ্রামীণ ও নারী ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বিজেপিকে নির্বাচনে বড় সুবিধা দিয়েছে।
হলফনামা অনুযায়ী, ৫১ বছর বয়সী এই নেত্রীর বিরুদ্ধে বর্তমানে ২৩টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২১টি মামলা বেশ গুরুতর। এর মধ্যে দাঙ্গা, বেআইনি সমাবেশ এবং জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর মতো অভিযোগ থাকলেও কোনোটিতেই তিনি দোষী সাব্যস্ত হননি। রাজনৈতিক মহলের মতে, এই মামলাগুলোর অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অগ্নিমিত্রার পাশাপাশি মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শক্ত অবস্থানে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়া রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য এবং স্বপন দাশগুপ্তের নামও আলোচনায় রয়েছে। তবে বিজেপি যদি ‘মহিলা কার্ড’ খেলতে চায়, তবে অগ্নিমিত্রা পলই হতে পারেন তাঁদের প্রধান পছন্দ।
আগামী ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বা ২৫শে বৈশাখে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। সেদিনই স্পষ্ট হবে, বাংলার শাসনভার কার হাতে তুলে দিচ্ছে দিল্লির বিজেপি হাইকম্যান্ড।