মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা ব্রিজ এলাকায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মে) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে এক ব্যবসায়ীর প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শরিফ মহাজনের প্রতিষ্ঠান “হাবিব ট্রেডার্স”-এর মালামাল ডেলিভারি দিয়ে জয়নগর বাজার থেকে ফেরার পথে একটি দলবদ্ধ ডাকাতচক্র ট্রাকের গতিরোধ করে। ডাকাতরা সড়কে ইট-পাটকেল ফেলে রাস্তা অবরুদ্ধ করে এবং দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যক্তিদের জিম্মি করে। এ সময় ডাকাতরা দুজনকে আঘাত করে তাদের কাছে থাকা আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পর ওই মহাসড়কে চলাচলকারী চালক ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ.আই.এল/সকালবেলা