রাশেদ খানকে পাটওয়ারীর হুমকি
সকালবেলা নিউজ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মোবাইল ফোনে হুমকির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, ফোন করে তাঁর সব তথ্য ‘ফাঁস করে দেওয়ার’ হুমকি দিয়েছেন পাটওয়ারী।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে রাশেদ খান জানান, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে ফোন করে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য বন্ধের প্রস্তাব দেন। জবাবে রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী, তাঁর পরিবার ও সরকারের মন্ত্রীদের নিয়ে কটূক্তি বন্ধ করলে বিষয়টি বিবেচনা করা হবে। তখন পাটওয়ারী মিডিয়ার সামনে আর এমন কথা না বলার আশ্বাস দেন।
তবে রাশেদ খানের দাবি, ওই দিন রাতেই পাটওয়ারী পুনরায় ফোন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন—‘আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন, আমি কিন্তু সব তথ্য প্রকাশ করে দেব। আমাদের (নাহিদ-আসিফ) কাছ থেকে আপনি ৫ লাখ টাকা করে নিতেন, সব ফাঁস করে দেব।’
প্রতিউত্তরে রাশেদ খান তাঁকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘তোমার কাছে যা আছে, সবই ফাঁস করে দাও।’
রাশেদ খান আরও উল্লেখ করেন, পাটওয়ারী তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট কেনার মনগড়া অভিযোগ এনেছেন এবং তার প্রমাণপত্র থাকার দাবি করেছেন। এর জবাবে রাশেদ খান স্পষ্ট জানান, তাঁর কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে কখনোই তিনি কোনো টাকা নেননি। এ সংক্রান্ত সব কথিত তথ্য অবিলম্বে প্রকাশ করার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষে রাশেদ খান ক্ষোভ প্রকাশ করে লেখেন, গতকাল কল পেয়ে মনে হয়েছিল ছেলেটি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরদিনই দেখা গেল, সে দেওয়া কথা ভুলে গিয়ে আবারও বেপরোয়া মন্তব্য শুরু করেছে।
এআইএল/সকালবেলা
|