সরাইলে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৬

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ
সরাইলে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৬

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এক রাজনৈতিক নেতা, হত্যা মামলার সন্দেহভাজন, দুই মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সরাইল থানা পুলিশ সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়। গত ২৪ ঘণ্টায় সরাইল থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এসব অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা যায়, পূর্ব কুট্টাপাড়া এলাকার বহুল আলোচিত জিহাদ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি বাবুল মিয়া ওরফে বাবলুকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় সরাইল থানায় মামলা রয়েছে।

অন্য এক অভিযানে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সরাইল থানায় মামলা রয়েছে।

এ ছাড়া আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে নুর ইসলাম (৫৮) ও ডালিম (৩০) নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নুর ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও দ্রুত বিচার আইনে এবং ডালিমের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে সিআর মামলার পরোয়ানা ছিল।

পৃথক মাদকবিরোধী অভিযানে চুন্টা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩০) এবং বড়াইল এলাকার সন্তোষ দেবগুপ্ত প্রকাশ মিঠুকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।

সরাইল থানা কর্তৃপক্ষ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে হত্যা, মাদক ও সন্ত্রাসবিরোধী এই বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন